ডেস্ক রিপোর্ট: নির্মম নির্যাতনের শিকার হয়ে শিশু রামিসার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আজ ২০ মে বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ওই পোস্টে ডাকসু ভিপি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে লেখেন, ‘গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আমাদের দেশ। মনুষ্যত্ব, বিবেক আর মানবতাবোধ যেন ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। কতটা নৃশংস হলে মানুষ রামিশার মতো ছোট শিশুদেরও পৈশাচিক নির্যাতন এবং হত্যা করতে পারে?’


তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পৃথিবীকে মানুষের বাসের যোগ্য করার কথা থাকলেও চোখের সামনে প্রতিনিয়ত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা সহিংসতার শিকার হচ্ছেন।’ ক্ষমতার অপব্যবহারের দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘কোথাও প্রতিবেশীর হাতে প্রতিবেশী, কোথাও ভাইয়ের হাতে বোন, কোথাও বাবার হাতে সন্তান লালসার শিকার হচ্ছে। এমনকি ঢাকা থেকে আসা বড় নেতার মনোরঞ্জনের বলিও হতে হচ্ছে গ্রামের কোনো নিষ্পাপ শিশুকে!’

দেশের বর্তমান বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর সমালোচনা করে সাদিক কায়েম প্রশ্ন তোলেন, ‘এই অপরাধীদের থামানোর কি কেউ নেই? আমাদের রাষ্ট্র, আইন, বিচারব্যবস্থা আছে; তবে কি এই ব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ? নাকি বিদ্যমান এই কাঠামোই আবারও হয়ে উঠছে শোষণ-নিপীড়নের হাতিয়ার!’
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে লিখেন, ন্যায়বিচারে ব্যর্থতা মূলত রাষ্ট্রীয় অবিচারেরই নামান্তর।’ ধর্ষণ ও খুনের সঠিক বিচার না হওয়াকে তিনি রাষ্ট্রের ‘নিপীড়ক’ হয়ে ওঠার লক্ষণ হিসেবে অভিহিত করে লেখেন, ‘যে রাষ্ট্র কার্যকারিতা হারায়, তার মেরামত জরুরি হয়ে ওঠে।’
একটি নিরাপদ সমাজ ও দেশ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি তার পোস্টের শেষাংশে বলেন, ‘আমাদের কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে; ন্যায়ের জন্য, ইনসাফের জন্য এবং আমাদের সংগ্রাম করতে হবে একটি নিরাপদ দেশ ও দুনিয়া বিনির্মাণের জন্য।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available