ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না, সে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করলেন ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রায় একই সময়ে তাঁরা একই বিভাগে পড়েছেন বলে জানালেন তিনি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এক সময় এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে দাবি করেন অনেকে, তবে এর বিরোধিতাও করেন কেউ কেউ। এরই প্রেক্ষাপটে আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট দেন ১৩ মে বুধবার রাতে।


ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টা জানতাম আমি।

তিনি লিখেছেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।
আসিফ নজরুল আরও লিখেছেন, তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available