নারায়ণগঞ্জ প্রতিনিধি: আইসিইউ বেড উদ্বোধন উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই নীরবে হাসপাতালে পৌঁছে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।
আজ ১৪ জুন রোববার সকালে নারায়ণগঞ্জ শহরে ভিক্টোরিয়া হাসপাতালে আইসিইউ বেড উদ্বোধনে পরিদর্শনে আসেন মন্ত্রী।
হাসপাতালে প্রবেশের পর মন্ত্রী একটি তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের নাম ধরে ধরে ডাকেন এবং উপস্থিতি নিশ্চিত করেন। উপস্থিতি যাচাইয়ের সময় কয়েকজনের অনুপস্থিতি ও বিভিন্ন প্রশাসনিক অসংগতি তার নজরে আসে।
পরিদর্শনকালে হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা, রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখতে পেয়ে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
ওই সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়।’
পরে তিনি হাসপাতালের নবনির্মিত আইসিইউ বেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তাৎক্ষণিকভাবে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়। উপস্থিত রোগী ও স্বজনরাও হাসপাতালের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available