ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র পরিদর্শনে গিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তুহিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১২ মে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তুহিন মিয়া বাঞ্ছারামপুর উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা।


মামলা সূত্রে জানা যায়, গত ৯ মে শনিবার ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের নবীনগর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম. সাইফুল ইসলাম উপজেলার দুর্গারামপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’-এ ভ্যাট সংক্রান্ত কাগজপত্র পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চান।

পরে সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন বলে অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত হন ওই কর্মকর্তা। এতে তার একটি হাত ভেঙে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তুহিন মিয়াকে গ্রেফতার করে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, “মামলার প্রধান আসামি হাবিবুর রহমানসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available