নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।
৩ এপ্রিল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় সামসু সরদার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে সামসু সরদার গ্রুপের লোকজন প্রতিপক্ষের এক সমর্থকের বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় শাহীন হাওলাদারের মোবাইলের দোকান, রাকিবুল ইসলামের একটি রেস্তোরাঁসহ উভয় পক্ষের প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহতদের মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available