• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫১:২৫ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার, ভিডিও ভাইরাল

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০১:২১

টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দীর্ঘদিন তালাবদ্ধ থাকা উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। গত ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর কার্যালয়ের সামনের অংশ ভাঙচুর করা হয়। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত ও তালাবদ্ধ অবস্থায় ছিল। প্রায় ১৮ মাস ধরে বন্ধ থাকা এ কার্যালয়ে হঠাৎ করে ব্যানার উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির-এর নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার উত্তোলন করা হয়। এ সময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দলীয় একাত্মতার আহ্বান জানান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা কার্যালয়ের মূল ফটোওয়ালে ব্যানার টানানোর সময় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিচ্ছেন। ভিডিও ফুটেজে প্রায় ৮ থেকে ১০ জন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

তবে সকাল হওয়ার আগেই কার্যালয়ের সামনে টানানো ব্যানার ও জাতীয় পতাকা আবার সরিয়ে ফেলা হয়। বর্তমানে কার্যালয়টি পুনরায় তালাবদ্ধ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us