নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। তারা শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সংসদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতেও প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি তরুণরাই হবে বাংলাদেশের নেতৃত্বের মূল শক্তি।

৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আঘাত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানে ‘হ্যাঁ’ এবং দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিতে ‘না’ বলতে হবে।
তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ জানিয়ে জামায়াত আমির বলেন, বিচার বিভাগকে আমূল সংস্কার করতে হবে এবং সৎ ও যোগ্য ব্যক্তিদের বিচারকের আসনে বসাতে হবে।
দেশ গঠনে তাবলীগ জামায়াতের কর্মীদের নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কাউকে অন্যায়ভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা বা নিপীড়নের সুযোগ দেওয়া হবে না।
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে। কেউ প্রবাসে মৃত্যুবরণ করলে তার মরদেহ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব রাষ্ট্র নেবে।
এ ছাড়া নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের কোনো নেতাকর্মীর আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য ক্ষমা প্রার্থনা করেন জামায়াতের আমির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available