ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করতে ফ্রি শাটল সার্ভিস চালু করল বেবিচক।
৮ জুলাই বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই ফ্রি শাটল সার্ভিসটি চালু করা হয়েছে। বাসগুলো প্রাথমিকভাবে বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে।
এর মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।
এই সেবাটি বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এটি কার্যকর ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকারকে ধারণ করে বেবিচক ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বেবিচক ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available