নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল কেনার জন্য একটি অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৭ এপ্রিল মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, নতুন এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল কিনতে হবে। এর ফলে কে কতটা তেল কিনছেন এবং কখন কিনছেন এসব তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে, যা বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সহায়ক হবে।

জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো তা বাড়ানো হয়নি। তবে আগামী মাসে দাম সমন্বয় করা হবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
উপদেষ্টা আরও জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কিছুটা চাপ থাকলেও বড় ধরনের সংকট নেই। অবৈধ মজুত ও পাচারের কারণে সাময়িক সমস্যা তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিদ্যুতের বড় ঘাটতি না থাকলেও শহরে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চলাচল করতে দেওয়া যাবে না। এসব যানবাহনের ফিটনেস ও চালকদের দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এ কারণে দুর্ঘটনা বাড়ছে। এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নিয়েও ভাবছে সরকার।
এছাড়া, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপাতত এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।
দুর্নীতি দমন প্রসঙ্গে তিনি জানান, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, হামের টিকা সংকট বর্তমান সরকারের কারণে নয়; আগের সরকারের অব্যবস্থাপনার ফল। বর্তমানে ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৩ মে থেকে সারাদেশে এ কার্যক্রম চালু হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available