• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ রাত ০৮:২০:৫৬ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৯:৩৪

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Ad
Ad

আশিক চৌধুরী বলেন, ‘ডিপি ওয়ার্ল্ড আমাদের কাছে কিছুটা সময় চেয়েছে। কিন্তু আমাদের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি আছে। ফলে এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়া সম্ভব নয়।’

তিনি জানান, চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়। গত এক মাস ধরে চুক্তির চূড়ান্ত বোঝাপড়ার ধাপ শুরু হয়েছে, যা এখনো চলমান রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন।

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। ৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কর্মবিরতির কারণে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরসহ (আউটার লাইটারেজ) সব এলাকায় পণ্য খালাস ও পরিচালন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা এ আহ্বান প্রত্যাখ্যান করেন।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, ‘সকাল ৮টা থেকে বন্দরে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, ‘বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us