আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সংসদ নেসেটে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে লাউডস্পিকার ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের লক্ষ্যে একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। বিলটি উত্থাপন করেছে দেশটির উগ্র-ডানপন্থী রাজনৈতিক দল ওতজমা ইহুদিত।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকারি বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলের কোনো মসজিদ বা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে লাউডস্পিকার বা পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেম স্থাপন কিংবা ব্যবহার করা যাবে না।
খসড়া অনুযায়ী, কোনো উপাসনালয়ে আইন লঙ্ঘনের অভিযোগ বা যুক্তিসঙ্গত সন্দেহ দেখা দিলে ইসরায়েলি পুলিশ সেখানে প্রবেশ করে লাউডস্পিকার বন্ধ করার ক্ষমতা পাবে। এছাড়া নিয়ম অমান্য অব্যাহত থাকলে সংশ্লিষ্ট স্থানের মাইক ও সাউন্ড সিস্টেম জব্দ করারও ক্ষমতা থাকবে পুলিশের।
বিলে প্রথমবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার শেকেল জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।
ইসরায়েলি সংসদের প্রাথমিক ভোটাভুটিতে বিলটির পক্ষে ৫০ জন এবং বিপক্ষে ৩৬ জন আইনপ্রণেতা ভোট দেন। তবে এটি এখনো আইনে পরিণত হয়নি। কার্যকর আইন হতে হলে নেসেটে আরও তিন দফা আলোচনা ও পৃথক ভোটাভুটিতে বিলটি পাস হতে হবে।
প্রস্তাবিত বিলটি দেশটিতে ধর্মীয় স্বাধীনতা ও উপাসনার অধিকার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available