• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:২৯:১৭ (07-May-2026)
  • - ৩৩° সে:

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা

৭ মে ২০২৬ সকাল ০৮:১৬:০০

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬ মে বুধবার রাতে কলকাতার উপকণ্ঠ মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, চন্দ্রনাথ রাথ গাড়িতে করে যাওয়ার সময় মোটরসাইকেল ও একটি গাড়িতে থাকা দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে। পরে তার গাড়ির গতি কমে গেলে আততায়ীরা কাছ থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি চন্দ্রনাথের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad
Ad

এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি বুদ্ধদেব বেরা আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। তবে গাড়িটির নম্বরপ্লেট ভুয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Ad

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের মাত্র দুই দিনের মাথায় এই হত্যাকাণ্ড ঘটল। নির্বাচনে জয় পাওয়ার পর রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি। আর দলটির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার পর শুভেন্দু অধিকারী এটিকে ‘পরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা আগে থেকেই চন্দ্রনাথ রাথের ওপর নজরদারি চালাচ্ছিল। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত দাবি করেছে।

চন্দ্রনাথ রাথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর একান্ত সহকারী হিসেবে কাজ করছিলেন। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, তিনি সাবেক বিমান বাহিনীর সদস্য ছিলেন এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us