বিনোদন ডেস্ক: আসছে ঈদের মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলোর মধ্যে প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর সার্টিফিকেশন সনদপত্র লাভ করল ‘দম’। কোনো রকম দৃশ্য কর্তন ছাড়াই সিনেমাটি ‘ইউ’ (U) গ্রেডে এই সনদ পেয়েছে, যার অর্থ এটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।
ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, সিনেমাটি সব বয়সী দর্শকের দেখার উপযোগী হিসেবে স্বীকৃতি পাওয়ায় পুরো টিম অত্যন্ত আনন্দিত। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত ‘দম’ সিনেমার পোস্টার ও টিজারে দর্শকদের কাছ থেকে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে।


এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আড়াই বছর ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় গভীর প্যাশন নিয়ে তারা সিনেমাটি নির্মাণ করেছেন। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছেন, যা গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করেছে। ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি নিয়ে আসার সকল দাপ্তরিক প্রক্রিয়া এখন সম্পন্ন।

ইতোমধ্যে সিনেমাটির টিজার ও পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকেই আফরান নিশোর লড়াকু চাহনি এবং জীবন সংগ্রামের আভাস দর্শকদের প্রশংসায় ভাসছে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে এই সিনেমার জন্য পুনরায় গেয়েছেন।
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান এবং মো. সাইফুল্লাহ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available