বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতেও নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ এখন আলোচনায়। তবে সাধারণ খাবারের চড়া মূল্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। বিশেষ করে মেনুতে এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকা) রাখা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

মুম্বাইয়ের একটি ৯০ বছরের পুরানো পর্তুগিজ বাংলোর আড়াই হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই রেস্তোরাঁটি; যার অর্ধেক মালিকানা মালাইকা আরোরা ও তার ছেলে আরহান খানের। স্বাস্থ্যসচেতন হিসেবে পরিচিত মালাইকার এই রেস্তোরাঁর মেনুও সাজানো হয়েছে পুষ্টিকর খাবারের সমন্বয়ে।


তবে খাবারের দামও এখানে বেশ চড়া। মেনুতে সাধারণ মশলা খিচুড়ি ৫৫০ রুপি হলেও অ্যাভোকাডো টোস্টের দাম রাখা হয়েছে ৬২৫ রুপি এবং বিশেষ সালাদের দাম ৭২০ রুপি। এছাড়া লুধিয়ানার বাটার চিকেনের দাম ৭৫০ রুপি।
খাবার ছাড়াও পানীয়ের দামও সাধারণ গ্রাহকদের বিস্মিত করেছে। স্বাস্থ্যকর হিসেবে দাবি করা এই রেস্তোরাঁর এক বোতল পানির দাম ৩৫০ রুপি। চুল ও ত্বকের যত্নে সহায়ক হিসেবে পরিচিত বিট ও বেদানার বিশেষ এক গ্লাস পানীয়র দাম ৪৫০ রুপি। এছাড়া অভিজাত এই রেস্তোরাঁটিতে পাওয়া যায় প্রায় ২৯ হাজার রুপি মূল্যের শ্যাম্পেন ও ককটেল।
১০০ আসন বিশিষ্ট এই রেস্তোরাঁটি আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার জন্য বলিউডের তারকাদের কাছে বেশ জনপ্রিয়। মালাইকা আরোরা নিজেই জানিয়েছেন, তিনি ব্যক্তিগত জীবনে যে ধরনের ডায়েট বা খাদ্যাভ্যাস মেনে চলেন, তার ওপর ভিত্তি করেই এই রেস্তোরাঁর মেনু তৈরি করা হয়েছে। বলিউডের অনেক তারকারাও তার রেস্তোরাঁয় গিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available