ডেস্ক রিপোর্ট: বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।
আজকের পত্রিকার প্রতিবেদন সূত্রে জানা যায়, ১২ জুন শুক্রবার রাতে মিজানুর রহমান রিকশা চার্জে রেখে রাত ১১টার দিকে বাসায় ফেরেন। পরে রাতের খাবার শেষে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। তবে গভীর রাতে তিনি কখন বাইরে বের হন, তা কেউ টের পাননি।
১৩ জুন শনিবার ভোরে ফজরের নামাজের পর স্থানীয়রা বাড়ির সামনের সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, রাতের খাবার শেষে সবাই স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে স্থানীয়দের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর পান তারা।
এদিকে নিহতের বড় ভাই শাহজাহান মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগেও প্রতিপক্ষের বিরুদ্ধে নানা ধরনের হয়রানির অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন। তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরেই মিজানুর রহমানকে হত্যা করা হতে পারে।
ঘটনার পর বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available