• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:২৬:৩৪ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

রামিসা হত্যা মামলার শুনানি আজ, আদালতে তোলা হয়েছে আসামিদের

১ জুন ২০২৬ সকাল ১০:২৭:৫২

রামিসা হত্যা মামলার শুনানি আজ, আদালতে তোলা হয়েছে আসামিদের

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জগঠন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আজ ১ জুন সোমবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলতে দেখা গেছে।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদন সূত্রে জানা যায়, আদালত সংশ্লিষ্ট বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতের সামনের হাজতখানার সামনে ব্যারিকেড স্থাপন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বহুল আলোচিত এ মামলার শুনানিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ দেখা যায়। আদালত এলাকায় উপস্থিত অনেকেই মামলাটি নিয়ে আলোচনা করেন এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

শুনানিকে কেন্দ্র করে আজ সকাল পৌনে ৮টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির সময় তাদের আদালতের এজলাসে তোলা হবে।

জানা গেছে, বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ভাষ্য, ওইদিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে হত্যা করে পালিয়ে যান। পরে তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

বহুল আলোচিত এ মামলার চার্জগঠন শুনানিকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us