নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
১৪ মার্চ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মাইজদী এলাকার মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে মহাসড়কে লাল-সবুজ বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মৃত আবদুল মান্নান ক্যাশিয়ারের ছেলে মহিউদ্দিন জাহাঙ্গী ওরফে এক্সেল জাহাঙ্গীর (৬৩) এবং তার সহযোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার নাসিরের টেকের মৃত আবুল কাশেমের ছেলে মো. মিলন (৫০)।

অভিযান সূত্রে জানা যায়, ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জেলা ডিএনসি সদস্যরা মাইজদী এলাকায় কক্সবাজার থেকে সোনাপুরগামী লাল-সবুজ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৩-২৩৭০ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এক্সেল জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, মো. মিলনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available