ডেস্ক রিপোর্ট: খুলনার দৌলতপুরে ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলির ঘটনায় দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আজ ১৪ জুন রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলা মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং অপরজন আলম মন্ডল (৫৫) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তারা দুজনই উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা।
দেশ রূপান্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। হামলায় লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় লোকমান হাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে আলম মণ্ডলের মাথা, গলার পাশে ও ডান হাতে গুলি লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available