অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তিন সদস্যকে আহত ও প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে কুখ্যাত সন্ত্রাসী চুরা সফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
১১ মে সোমবার উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নূর নবী।


র্যাব জানায়, বাঞ্ছারামপুরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে তথ্য সংগ্রহ অভিযানে যাওয়ার পথে র্যাবের চার সদস্য শর্টকাট হিসেবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করেন। খাগাতুয়া গ্রামে পৌঁছালে চুরা সফিক ও তার সহযোগীরা তাদের গতিরোধ করে।

র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে দাবি বাহিনীটির।
আহতরা হলেন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টেবল মো. কাজল মিয়া ও কনস্টেবল মো. আব্দুল মালেক।
র্যাবের ভাষ্য অনুযায়ী, হামলার সময় সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিন সদস্যকে আটক করে মারধর করা হয়। পরে তাদের একটি বাড়িতে নিয়ে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে র্যাব-৯ এর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন। পরে পুলিশের সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করা হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোম্পানি কমান্ডার মো. নূর নবী বলেন, “তথ্য সংগ্রহের জন্য সদস্যরা খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার দল তাদের ওপর হামলা চালায়। এতে তিন সদস্য আহত হন। একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে।”
স্থানীয়দের অভিযোগ, ‘চুরা’ সফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে হত্যা, চুরি, হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।
তথ্যসূত্র: ডিবিসি নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available