স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলএসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ও জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের প্রতি সম্মান জানাতে বিদ্যালয় মাঠজুড়ে ছিল আবেগঘন আর শ্রদ্ধার অনন্য এক মিলনমেলা।
অনুষ্ঠানে শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদায়ী এই শিক্ষককে জানানো হয় উষ্ণ বিদায়। তারা ক্রেস্ট, ফুল ও নানা উপহার সামগ্রী দিয়ে তাকে সম্মান জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীরাও এতে অংশ নেন।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রতিবুল ইসলাম। আলোচনা সভা শেষে সুসজ্জিত একটি মাইক্রোবাসে করে সহকর্মীরা তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন।

এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক বর্তমান ও সাবেক শিক্ষার্থী প্রিয় শিক্ষকের বিদায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় এক হৃদয়স্পর্শী ও স্মরণীয় মুহূর্ত।
বিদায়ী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি জীবনের সবচেয়ে বড় সময়টা এই বিদ্যালয়ের জন্য দিয়েছি। আজকের এই সম্মান আমাকে আবেগে ভাসিয়ে দিয়েছে। শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি দায়িত্ব ও ভালোবাসার জায়গা।’
জানা গেছে, আনোয়ারুল ইসলাম ১৯৮৯ সালে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৭ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর গত ১৫ মার্চ তিনি অবসরে যান। তার নেতৃত্বে বিদ্যালয়টি এলাকায় একটি মানসম্মত ও পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়।
এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত, যা তার সফল কর্মজীবনেরই প্রতিফলন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available