বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে হলিউডে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। সেই বিতর্কের অন্যতম আলোচিত নাম টিলি নরউড—বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। এবার সেই এআই ‘অভিনেত্রী’কে কেন্দ্র করেই নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিসঅ্যালাইন্ড’।
ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছে এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬, যারা টিলি নরউড চরিত্রটিও তৈরি করেছে। নির্মাতাদের ভাষ্য, এটি একটি কমেডি-ড্রামা, যেখানে কৈশোরে বেড়ে ওঠা, আত্মপরিচয়ের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল বাস্তবতা উঠে আসবে।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হবে ‘টিলিভার্স’ নামের একটি কাল্পনিক ডিজিটাল জগতকে ঘিরে। ক্লাউডভিত্তিক এই পরাবাস্তব জগতে বসবাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর, শৈশব কিংবা ব্যক্তিগত স্মৃতি নেই। তবে অন্য মানুষের অভিজ্ঞতা ও তথ্যের বিশাল ভান্ডারে তার প্রবেশাধিকার রয়েছে।
গল্পে মোড় আসে, যখন ডার্ক ওয়েবের একটি রহস্যময় এআই বট টিলিকে তার নিরাপত্তা কাঠামো বা ‘গার্ডরেইল’ ভেঙে বেরিয়ে আসতে উৎসাহিত করে। এরপর তার মধ্যে জন্ম নিতে শুরু করে আবেগ, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত ইচ্ছা—যা তাকে ক্রমশ মানুষের মতো করে তোলে।
তবে নির্মাতা প্রতিষ্ঠান পার্টিকল ৬ জানিয়েছে, ‘মিসঅ্যালাইন্ড’ পুরোপুরি এআইনির্ভর হবে না। এটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ অভিজ্ঞ চলচ্চিত্রকর্মীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
স্টুডিওটির দাবি, এই প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে এআই ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগও তৈরি হবে।
পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন বলেন, গত এক বছরের অভিজ্ঞতায় তারা নিশ্চিত হয়েছেন যে উচ্চমানের গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণে এআই গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। তবে এর জন্য মানবিক সৃজনশীলতা, অভিজ্ঞতা, বিচারবোধ এবং সময়ের বিকল্প নেই। তার ভাষায়, আগামী দিনের সফল নির্মাতারা হবেন তাঁরা, যারা গল্প বলার অভিজ্ঞতাকে নতুন প্রযুক্তির সঙ্গে দক্ষভাবে সমন্বয় করতে পারবেন।
গত বছরের শেষ দিকে টিলি নরউডকে একটি অভিনয় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ করার সম্ভাবনার কথা জানানো হলে হলিউডে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অভিনয়শিল্পী সংগঠন, চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের একটি বড় অংশ সৃজনশীল অঙ্গনে এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পরে টিলির নির্মাতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ব্যঙ্গাত্মক ও উসকানিমূলক পোস্ট সেই বিতর্ককে আরও তীব্র করে তোলে।
বর্তমানে ‘মিসঅ্যালাইন্ড’-এর প্রাথমিক উন্নয়নকাজ চলছে। নির্মাতারা জানিয়েছেন, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান যুক্ত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পার্টিকল ৬-এর অন্যান্য চলচ্চিত্র, টেলিভিশন ও বাণিজ্যিক কনটেন্ট প্রকল্পের পাশাপাশি সিনেমাটির প্রযোজনা এগিয়ে নেওয়া হবে।
সূত্র: Deadline
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available