ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার জেরে কুমিল্লায় মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৭ জুলাই মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থেকে পেশাগত কারণে বসবাস করতেন।
কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কান্তি দাস জানান, মঙ্গলবার রাতে স্থানীয় একটি চায়ের দোকানে আর্জেন্টিনা-মিশরের বিশ্বকাপ ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পুলিশের ভাষ্য, ম্যাচ চলাকালে লিওনেল মেসির পেনাল্টি মিসের পর উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নিহত শরিফুল ইসলাম পেশায় একজন মিশুকচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available