টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রকৃত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোড ও আমিন বাজার এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।


ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রথমে ভিক্টোরিয়া রোডের মারুফ ইলেকট্রনিক নামক একটি দোকানে তদারকি করা হয়। সেখানে দেখা যায়, তীব্র গরমের চাহিদাকে পুঁজি করে ৪ হাজার ১০০ টাকা ক্রয়মূল্যের চার্জার ফ্যান ৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত মুনাফা করার এই অপরাধে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনে অভিযান চালায় অধিদপ্তর। দীর্ঘদিন ধরে তেল কম দেওয়ার অভিযোগ থাকায় পরিচালিত এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোলে প্রায় ৩৩০ মিলিলিটার করে তেল কম দিচ্ছে। এই কারচুপির দায়ে ফিলিং স্টেশন মালিককেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের জানান, তীব্র গরমে পণ্যের বাড়তি চাহিদা বা অন্য কোনো অজুহাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মুনাফা করলে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এই কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available