নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার কাঁটাপুকুরিয়া মহল্লায় নাগর নদী থেকে একটি প্লাস্টিকের বক্স উদ্ধার করেছে পুলিশ। বক্সটির ভেতরে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম পাওয়া গেছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার কাঁটাপুকুরিয়া মহল্লার পশ্চিম পাশে নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর নজরে আসে নীল রঙের একটি প্লাস্টিকের বাক্স।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭) নদীতে মাছ ধরার সময় বাক্সটি দেখতে পায়। কৌতূহলবশত তারা বাক্সটি খুলে ভেতরে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কারের প্লাস্টিকের ক্লিনিং রড এবং দুটি ব্রাশ দেখতে পায়। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ‘CBC 32 AUTO’ লেখা ছিল।

বিষয়টি বুঝতে না পেরে শিশুরা বাক্সটি বাড়িতে নিয়ে যায়। পরে তাদের মা মরিয়ম বেগম (৪০) বাক্স খুলে গুলি দেখতে পেয়ে আতঙ্কিত হন এবং তাৎক্ষণিকভাবে সিংড়া থানা-এ ফোন করে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্সসহ গুলি ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মরিয়ম বেগম বলেন, নদীর পানি কমে যাওয়ায় তার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা একটি মাঝারি আকারের বক্স হাতে নিয়ে বাড়িতে ফেরে। তিনি বক্স খুলে ভেতরে পিস্তলের গুলি দেখতে পেয়ে দ্রুত পুলিশকে অবহিত করেন এবং উদ্ধারকৃত সামগ্রী হস্তান্তর করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বাক্সের ভেতর থাকা ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এসব কোথা থেকে এসেছে এবং কারা রেখে গেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available