• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৭:১৯ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

৪৭ বছর পর গাজীপুর-৩ আসনে নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৯:২১

৪৭ বছর পর গাজীপুর-৩ আসনে নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী

স্টাফ রিপোর্টার, গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (আসন নং ১৯৬) ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ৪৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তাঁর এ বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর আসনটি পুনরুদ্ধার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

Ad
Ad

নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মোহাম্মদ এহসানুল হক (রিকশা প্রতীক) পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

Ad

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৭৯ সালে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন কোষাধ্যক্ষ ও কালিয়াকৈর উপজেলার বাসিন্দা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এরপর দীর্ঘ ৪৭ বছর এ আসনে বিএনপির কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। মাঝের সময়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীরা আসনটি ধরে রাখেন।

শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এস এম রুহুল আমিন বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নির্বাচনে সর্বশেষ ধানের শীষ প্রতীক নিয়ে এ আসন থেকে প্রার্থী বিজয়ী হয়েছিলেন। ডা. বাচ্চুর বিজয়ের মাধ্যমে সেই ইতিহাস নতুন করে ফিরে এলো।

বিজয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. বাচ্চু বলেন, শ্রীপুরবাসীর জন্য এ বিজয় এক অন্যরকম অনুভূতি। দীর্ঘদিন পর মানুষের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ, গাজীপুর-৩ আসনে শ্রীপুরের বাসিন্দা হিসেবে প্রথম বিজয় এবং ৪৭ বছর পর আসনটি পুনরুদ্ধার—সব মিলিয়ে এ আনন্দ বহুমাত্রিক। তিনি বিজয়ের এ ধারা ধরে রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, গাজীপুর-৩ সংসদীয় আসনে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৮০টি কেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬০ হাজার ১৯০, নারী ২ লাখ ৬৭ হাজার ১৬৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

মোট প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ৮৬০টি। বাতিল হয়েছে ৭৬ হাজার ৯২টি ভোট। ভোটদানের হার ছিল ৫৭.৫০ শতাংশ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা, সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও মহানগরীর একাংশ) আসনে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সাংবাদিক ও ভোটারদের তিনি ধন্যবাদ জানান।

দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে ধানের শীষের এ প্রত্যাবর্তন গাজীপুর-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১





Follow Us