সারা দেশে আজ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আজ থেকে শুরু ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বুধবার সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু।এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা স্থায়ী হবে।তবে তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শেষ হবে।এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।